
আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁ থানা রোডে, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ জোনাল অফিসের পাশে সড়কে সৃষ্টি হয়েছে ভয়ংকর চোরা ফাটল। দূর থেকে দেখলে সড়কটি স্বাভাবিক মনে হলেও ফাটলটি এতটাই বিপজ্জনক যে, অসতর্ক পথচারী কিংবা যানবাহন চালক, কাছে না আসা পর্যন্ত এর ভয়াবহতা বুঝতে পারেন না। ফলে প্রায় প্রতিদিনই এই গোপন মরণফাঁদের শিকার হয়ে দুর্ঘটনার মুখে পড়ছেন সাধারণ মানুষ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু ও বিভিন্ন যানবাহন চলাচল করে। অথচ সড়কের মাঝেই এমন বিপজ্জনক ফাটল থাকায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় ফাটলটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
প্রশ্ন হলো, মানুষের নিরাপদ চলাচলের জন্য নির্মিত সড়ক যদি মানুষের জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর দায়ভার কে নেবে? প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হওয়ার পরও কেন এই বিপজ্জনক স্থানটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না?
একটি দুর্ঘটনার পর আফসোস করে লাভ কী, যদি দুর্ঘটনা ঘটার আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়া সম্ভব হয়?
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আর কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষা না করে অবিলম্বে সড়কের চোরা ফাটলটি শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পাশাপাশি সংস্কারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিপজ্জনক স্থানটিতে সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানুষের জীবনের মূল্য অনেক। একটি অবহেলা যেন কোনো পরিবারের সারা জীবনের কান্নার কারণ না হয়। দুর্ঘটনা ঘটার পর নয়, দুর্ঘটনার আগেই জেগে উঠুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।