
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জিয়ার অবদান স্মরণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় নাগেশ্বরী মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং মাহফুজার রহমান আপেল।
প্রধান আলোচকের বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, “৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই দিনটি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
আমন্ত্রিত অতিথির বক্তব্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ আলী বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। একদলীয় শাসনব্যবস্থার কবর রচনা করে তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা এ দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করেছিল।”
জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ তাঁর বক্তব্যে বলেন,“রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল শহীদ জিয়ার মূল লক্ষ্য। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এক সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করেছিলেন। আজকের দিনে তাঁর সেই অবদানের কথা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল ইসলাম শফি এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তানজিমুল ইসলাম কিরণ, আশরাফ হোসেন আপেল, জাহিদুল ইসলাম খান ও ইঞ্জিনিয়ার আব্দুল মোমেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।