
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বললেন, আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
কুড়িগ্রাম প্রতিনিধি:
‘সচেতন হই, আত্মনির্ভর হই, আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার। মঙ্গলবার (১০ নভেম্বর) নাগেশ্বরী প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির প্রায় পাঁচ শতাধিক কিশোরী শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
সেমিনারে বক্তারা বলেন, বয়ঃসন্ধিকাল একজন কিশোরীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এ সময়ে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক ও আবেগীয় নানা পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা, পারিবারিক সহযোগিতা, শিক্ষকদের ইতিবাচক ভূমিকা এবং সামাজিক সচেতনতা একজন কিশোরীকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুসংস্কার, সংকোচ ও ভ্রান্ত ধারণা দূর করে নিজেদের স্বাস্থ্য, নিরাপত্তা, অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনায় বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, জীবনের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা, পড়াশোনায় মনোযোগ, ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা, সুস্থ সম্পর্ক বজায় রাখা, দায়িত্বশীল আচরণ এবং স্বাস্থ্যকর জীবনধারা ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ কিশোরীদের উদ্দেশে বলেন, জীবনে এগিয়ে যেতে হলে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোনো প্রতিকূলতা, ভয় কিংবা সামাজিক প্রতিবন্ধকতাকে নিজের স্বপ্নপূরণের পথে বাধা হতে দেওয়া যাবে না। প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং যেকোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংকোচ না করে অভিভাবক, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির সহযোগিতা নিতে হবে।
তিনি আরও বলেন, আজকের কিশোরীরাই আগামী দিনের শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভর নারী। তাই বাল্যবিবাহ, বঞ্চনা, বৈষম্য ও সামাজিক কুসংস্কার থেকে নিজেদের সুরক্ষিত রেখে উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
সেমিনারের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল কিশোরীদের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময়। এ পর্বে শিক্ষার্থীরা বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, আত্মবিশ্বাসের অভাব, পড়াশোনায় মনোযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষার্থীদের প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন নেছাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করেন, কিশোরীদের বয়সভিত্তিক সমস্যা, মানসিক বিকাশ, আত্মমর্যাদা ও ভবিষ্যৎ জীবন গঠনের বিষয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে। পাশাপাশি আত্মবিশ্বাসী, শিক্ষিত, সচেতন ও আত্মনির্ভর প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।