
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ডের চিলারবাগ এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসকের উদ্যোগে পরিচালিত দুই দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এ অভিযানে এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, পৌরসভা সচিব মাসুদ আলম, পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, ৭ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী হাজী মোহাম্মদ লিটু ও নাসিম পাশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, সাংবাদিক আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা। বাড়িঘর, আশপাশের পরিবেশ, ড্রেন ও পানি জমে থাকার স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ সময় তাঁরা ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন চিলারবাগ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।