
আশিকুর রহমান টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃত্বের বৈধতা, গঠনতন্ত্র লঙ্ঘন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সভাপতির দায়িত্ব পালন এবং সাংগঠনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংগঠনের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ একাংশের নেতারা। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সাধারণ সদস্যদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন অভিযোগ করে বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজি. নং-ঢাকা ৪২৬১) নির্ধারিত গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বর্তমানে গঠনতন্ত্র উপেক্ষা করে একচ্ছত্র আধিপত্য বিস্তার, বেআইনিভাবে পদ সৃষ্টি এবং অর্থ আত্মসাতের মতো নানা অনিয়মের ঘটনা ঘটছে।
তিনি বলেন, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের পর গণনার সময় কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর এজেন্ট ও সমর্থকদের মধ্যে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফলাফল ঘোষণা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি শান্ত হলে প্রার্থী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে হারিকেন প্রতীকের প্রার্থী তৌহিদুজ্জামান ২৬০ ভোট এবং ছাতা প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ২২৩ ভোট পান। এ ছাড়া তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়। একই সময়ে অন্যান্য পদের প্রার্থীদের ফলাফলও ঘোষণা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
ইউসুফ হোসাইন আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একজনকে সভাপতির দায়িত্ব দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া গঠনতন্ত্রবহির্ভূতভাবে বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁরা নোটিশের জবাব দিলেও সংশ্লিষ্ট নেতৃত্বের পক্ষ থেকে কোনো আইনসংগত ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি জানান, গত ১৪ নভেম্বর সমিতির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সদস্যদের মতামত প্রকাশের যথাযথ সুযোগ দেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, সভায় সদস্যদের বক্তব্য ও মতামতকে গুরুত্ব না দিয়ে একতরফাভাবে কার্যক্রম পরিচালনা করা হয়। পরে একই দিন বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
এ সময় তাঁরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সমিতির সব সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, গোপন ভোটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন এবং আদালতের স্থগিতাদেশপ্রাপ্ত সভাপতির পদ ও গঠনতন্ত্রবহির্ভূত আইন সম্পাদক পদ বাতিল করা।
এ ছাড়া গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।
পরিশেষে ইউসুফ হোসাইন সমিতির সাধারণ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁদের এ উদ্যোগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং সংগঠনের সব সদস্যের স্বার্থ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। এ লক্ষ্য বাস্তবায়নে সমিতির নিরীহ ও সাধারণ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।