
মোঃ সুমন খান রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে আয়োজিত শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব এবং গুরু মহারাজের চতুর্থ তিরোভাব দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবের আয়োজনকে সফল করতে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের পরিচালক অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজির হাতে তিনি এ সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সাদেক হোসেন,ইউনিয়ন ছাত্রদল নেতা রনি প্রমুখ।
সহায়তা গ্রহণকালে সেবাকুঞ্জের পরিচালক অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি বলেন, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব এবং গুরু মহারাজের চতুর্থ তিরোভাব দিবস উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবে আর্থিক, মানসিক কিংবা শারীরিকভাবে সহযোগিতা করা অত্যন্ত মহৎ ও পুণ্যময় কাজ। এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনে সহযোগিতার মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। পাশাপাশি আধ্যাত্মিক প্রগতি ও গুরুকৃপা লাভের পথ সুগম হয়।
তিনি এ মহতী উদ্যোগের জন্য রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি ও কমিটির সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে আশীর্বাদ প্রদান করেন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার বন্ধন অটুট রাখতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।