
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে রীতিমতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্বামীর বড় ভাইয়ের স্ত্রী বা বড় জায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শাবনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন বড় জা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাবনুর স্থানীয় মৃত খালেক হাওলাদারের ছেলে আল-আমীনের স্ত্রী।
শাবনুর জানান, মৃত খালেক হাওলাদারের তিন ছেলে—ইউনুস, খোকন ও আল-আমীন একই ঘরে বসবাস করেন। শুক্রবার সকালে রান্নাঘর ব্যবহারের বিষয় নিয়ে তার সঙ্গে ভাসুর ইউনুসের স্ত্রী রুমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুমা বেগম বঁটি দিয়ে তার মাথায় আঘাত করেন। আত্মরক্ষায় হাত তুলতেই রুমা তার বাম হাতের অনামিকা আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন।
শাবনুরের শাশুড়ি নুরজাহান বেগম অভিযোগ করে বলেন,
“বড় বউ ছোট বউকে আমার সামনে বঁটি দিয়ে কোপ দেয় এবং হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। আমি রক্ষা করতে পারিনি। কেউ আমার কথা শোনে না।”
অভিযুক্ত রুমা বেগম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমাদের দুই জায়ের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। হাত ও মাথায় কিভাবে আঘাত লেগেছে আমি জানি না।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত জানান, শাবনুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বাম হাতের আঙুলের কিছু অংশ পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,
“এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”