
সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ পৌর এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৫ জনকে জনসাধারণের চলাচলের রাস্তা সংলগ্ন খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী (বালি, ইট, সিমেন্ট) রাখার অপরাধে মোট ৭৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় নির্মাণ সামগ্রী রাস্তা থেকে ১০ ফুট দূরে সরিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত ও প্রসনজিৎ সাহা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন।

একই সঙ্গে উপস্থিত জনতার মধ্যে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব ও সচেতনতামূলক তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশ ও জেলাআনছার সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।