
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর এলাকায় জাহাঙ্গীর বয়াতি (৫৫) নামে এক কৃষকের ১১ একর জমির তরমুজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর বয়াতি মোট ১৩ একর জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো যখন ভালোভাবে বেড়ে উঠছিল, তখনই শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর ১১ একর জমির চারা কেটে ও উপড়ে নষ্ট করে দেয়।
ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর বয়াতি বলেন, “সকালে ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে দেখি কে বা কারা সব চারা নষ্ট করে গেছে। এতে আমার বড় ধরনের ক্ষতি হলো।”
ঘটনার পর শনিবার সন্ধ্যায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।