
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
ঢাকার সাভারের আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (৪০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর গোপাল ইউনিয়নের সিদ্দিক ভেন্ডার বাড়ির বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন এবং স্থানীয় আলীমের বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় মিজানুর রহমান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। পরে তার কক্ষের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আগুনে তার শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়। পরে তাকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, মিজানুর রহমান দুটি মোবাইল ফোন ব্যবহার করতেন। ঘটনার সময় মোবাইল দুটি চার্জে ছিল এবং পাশাপাশি রাখা ছিল। বিস্ফোরণের পর কক্ষের ভেতরে পোড়া মোবাইল ফোনের অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। আগুনে কক্ষের আসবাবপত্রেরও কিছু অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্ষের বারান্দায় থাকা একটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে সেটি দ্রুত বাইরে সরিয়ে নেওয়া হয়।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “মোবাইল বিস্ফোরণের কারণে আগুন লেগেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার ছিল এবং বাথরুমে সিগারেটের ফিল্টারও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মামুন হোসেন বলেন, “এ ঘটনায় আমাদের কাছে কোনো কল আসেনি। ঘটনাটি সম্পর্কে আমাদের জানা নেই।”
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।