
“মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে” এনায়েত করিম স্বপন
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুরিয়া মধ্যপাড়া এলাকায় জামুরিয়া শান্তি সংঘ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ এনায়েত করিম (স্বপন)।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ এনায়েত করিম স্বপন বলেন, “যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
জামুরিয়া শান্তি সংঘের সভাপতি মোঃ আদনান খায়রুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আরিফ হোসেন বিদ্যুৎ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জামুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আহসান হাবিব সানি, উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি মোঃ বারেক মিয়া সহ জামুরিয়া শান্তি সংঘের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য ও উপস্থিত অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন জামুরিয়া শান্তি সংঘ যুব সমাজের সহ-সভাপতি মোঃ মামুন ইসলাম আবির।