
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যসম্বলিত গানের সঙ্গে নৃত্য পরিবেশনের ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে “প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে এক শিল্পীর পরিবেশিত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাদিয়া রহমান রিভি নামের এক শিক্ষার্থী। গানটির একটি অংশে শেখ হাসিনাকে ‘বঙ্গকন্যা’ হিসেবে উল্লেখ করা হলে এবং গানে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা’ শব্দ ব্যবহার করা হলে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিএনপি কর্মী ও সমর্থক তীব্র প্রতিবাদ জানান। তারা দাবি করেন, প্রশাসনিক অনুষ্ঠানে এ ধরনের রাজনৈতিক বার্তাযুক্ত গান পরিবেশন অনুপযুক্ত।
ঘটনার সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা বিষয়টি বুঝে ওঠার আগেই প্রতিবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিএনপি কর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।” তিনি আরও দাবি করেন, এর আগেও সংশ্লিষ্ট ইউএনও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু রায়হানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রশাসনিক অনুষ্ঠানে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের অনুমতি কীভাবে দেওয়া হলো—এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।