
মোঃ মামুন মিয়া, শেরপুর প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো উপশী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিনামূল্যে কৃষক প্রতি ৫ কেজি উপশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদী। উক্ত প্রণোদনার আওতায় সর্বমোট ২৮ শত জন কৃষক এর সুফল ভোগ করবে।

প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন কালে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আদিকালের চাষ পদ্ধতি মনে না রেখে বর্তমানের ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য। বিনামূল্যে বীজ ও সারের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে কৃষি বিভাগ সব সময় আপনাদের সহযোগিতা করে আসছে। কৃষি খাতে উন্নয়ন ঘটাতে চাইলে কৃষি বিভাগের যথাযথ নিয়ম পদ্ধতি মেনে চাষাবাদে মনোনিবেশ ঘটান।
এ সময়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।