
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় চলমান শীতপ্রবাহে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল মানবিক যুবক। “মানবসেবাই আমাদের মূল শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত এ মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠু। সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার এবং রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীতপ্রবাহের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের উদ্যোগকে অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম (কচি), জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন সমাজের সচেতন ও মানবিক মানুষের এগিয়ে আসা সময়ের দাবি। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজক যুবকরা জানান, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।