
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি (এনসিপি) নেতাদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্য হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজেদের জীবননাশের আশঙ্কায় রবিবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ‘সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে উসকানিমূলক ও হুমকিমূলক পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে মো. জাহিদুল হকসহ জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব অনিক খাঁন সিয়ামের ছবি ব্যবহার করে অকথ্য ভাষায় গালাগালি করা হয় এবং সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। পোস্টে ভয়ংকর ভাষায় লেখা হয়— “লিস্টে রাখলাম, হঠাৎ করেই সোনারগাঁবাসী দেখবে লাশ।”
মো. জাহিদুল হক বলেন, এই পোস্টটি পরিকল্পিতভাবে উসকানি ছড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তার জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। তিনি বলেন, “এ ধরনের প্রকাশ্য হুমকি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। জিডি করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি অবগত। প্রশাসনের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে। ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট আইডি শনাক্ত করতে বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে সামাজিক যোগাযোগমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা না নিলে এমন হুমকি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।