
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজিব খাঁন
নাবিল গ্রুপের এরকম উদ্যোগে, স্বস্তি সাধারণ ক্রেতাদের, পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে “হাজার সদাই” নামে একটি প্যাকেজ ১৩০০ টাকার পণ্য মাত্র ১০০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, রাজশাহী মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা তুলনামূলক কম দামে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারছেন।
প্যাকেজে সাধারণত চাল, ডাল, তেল, চিনি, ছোলা, সেমাইসহ রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী ট্রাকগুলো বিভিন্ন এলাকায় অবস্থান করছে এবং নির্দিষ্ট পরিমাণ পণ্য সরবরাহ করা হচ্ছে।
ক্রেতাদের অনেকে বলেন, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। এমন সময়ে নাবিল গ্রুপের এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নাবিল গ্রুপের প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং রমজানের পবিত্রতা ও সংযমের বার্তা ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্য ব্যবসায়ীদেরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে উৎসাহিত করবে।