
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির সোনারগাঁও পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আব্দুর রহিমের নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, কুড়াল, ছুরি, সাবল ও হকিস্টিক নিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলায় গুরুতর আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ এবং পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিবারের দাবি, এটি পরিকল্পিত ও পূর্বঘোষিত হামলা।
আহত আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, তারাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ড্রেজার ও বালু ভরাটের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি ‘নব্য’ কিছু কর্মী প্রভাব বিস্তার করে নিয়মিত চাঁদা দাবি করছে বলে তারা অভিযোগ করেন।
মামলায় অভিযুক্তরা হলেন আব্দুর রাহিম (৬০), মো. ইব্রাহিম (২৬), ইস্রাফিল (২৪), মো. নজরুল ইসলাম (৩৬), রায়হান (২০), মো. রোমান (২৪), ইমাম হাসান (২৩), মো. সোহাগ (২২) ও মো. সিয়াম (২০)। তারা সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।