
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বসুরহাটস্থ আর.এফ.সি অ্যান্ড এ্যারাবিয়ান খ্যাবসা হাউজে ইফতার শেষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
ক্লাবের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা কোম্পানীগঞ্জে শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম তার ব্যক্তিগত শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি।” তিনি কোম্পানীগঞ্জের শিক্ষা ব্যবস্থার বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, মেধাবী শিক্ষক নিয়োগ, দক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কমিটি গঠন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি শিক্ষা খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।