
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল অ্যান্ড কেজির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে সহায়ক ভূমিকা রাখে।
সভাপতিত্ব করেন এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আল হাসান (সিআইপি), বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।