
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে ৬ মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বোর্ডের এই অনুমোদনের খবরে বিদ্যালয়জুড়ে স্বস্তির আবহ তৈরি হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা ৬৪(১০) অনুযায়ী বিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, একাডেমিক পরিবেশ সুসংহত করা এবং নিয়মিত কার্যক্রম সচল রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। স্মারক জারির তারিখ থেকে আগামী ৬ (ছয়) মাস পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বোর্ড অনুমোদিত এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশার সঞ্চার।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি কাজী শাহ আরেফিন, সদস্য সচিব প্রধান শিক্ষক, সদস্য সাজিয়া আক্তার (শিক্ষক প্রতিনিধি), সদস্য মোঃ জাকির হোসেন (অভিভাবক প্রতিনিধি)।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কিছু প্রশাসনিক সিদ্ধান্ত ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন এডহক কমিটি দায়িত্ব নেওয়ায় বিদ্যালয়ের নিয়মিত সিদ্ধান্ত গ্রহণ, শৃঙ্খলা রক্ষা, পরীক্ষা ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি আসবে।
বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক অভিভাবক জানান, মেয়েদের শিক্ষায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সঠিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত হলে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।
বোর্ডের প্রজ্ঞাপনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হ
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, নবগঠিত এডহক কমিটির হাত ধরে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে।