
স্টাফ রিপোর্টার | আলতাব হোসেন
ঢাকার সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩ মে) বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান। তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আদর্শ সুপার মার্কেটের দুটি মুদি প্রতিষ্ঠান—মক্কা-মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ‘ছয়তলার আনোয়ার’ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ফুচকা তৈরির কারখানাটি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন, যাতে বাজারে নিত্যপণ্যের মূল্য ও খাদ্যের মান নিয়ন্ত্রণে থাকে।