
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
১৯ মে ২০২৬
সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শুরু হয়েছে “ভূমি মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী- শামা ওবায়েদ ইসলাম (এমপি)
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) ফাহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নগরকান্দা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুব আলী মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা ও সহায়তা পাবেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “ভূমি সংক্রান্ত সেবাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে এই মেলার আয়োজন করা হয়েছে। জনগণ যেন হয়রানি ছাড়াই দ্রুত সেবা পেতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।
মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে। এতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।