
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (২১ জুন) গভীর রাত দেড়টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। রাতের দিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
এদিকে, আটকের ঘটনার পরপরই খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং অভিযোগের প্রেক্ষাপটে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।