
মো: সেকেন্দার শেখ আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আলোচিত স্কুল পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটি।
এঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী লম্পট শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
ঘটনাটি ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। তিনি ঔ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানি ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে তদন্তে সত্য বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক নুরুদ্দোহা সোহেলের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরুদ্দোহা সোহেল বিদ্যালয়টির কারিগরি শাখার গণিত বিষয়ের সহকারী শিক্ষক। সম্প্রতি তার কাছে প্রাইভেট পড়া নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ বার্তা ও কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে গত ৫ আগস্ট ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনাটি বিস্তারিত তদন্ত করেন।
তদন্ত শেষে গত ১১ আগস্ট দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আনীত অভিযোগটি সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত। প্রতিবেদনে আরও বলা হয়, একজন শিক্ষকের পক্ষে এমন আচরণ চরম আচরণবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের শামিল। তাই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ১২ আগস্ট আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান স্বাক্ষরিত এক সরকারি চিঠির মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ১২ ফর্দের তদন্ত প্রতিবেদনটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়।
জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকার গণ্যমান্যব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী লাকু তালুকদার বলেন, ইউএনও মহাদ্বয়কে ধন্যবাদ জানাই, সোহেল এর মতো লম্পট শিক্ষকের বিরুদ্ধে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য।