
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ‘কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
অভিযানকালে কারখানার উৎপাদন প্রক্রিয়া, খাদ্যপণ্যের মান, লাইসেন্স ও অনুমোদনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, পণ্যের প্যাকেটে অনুমোদিত উপাদানের বাইরে অতিরিক্ত ১৫–২০ ধরনের কেমিক্যাল ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা এবং হ্যান্ড গ্লাভস ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এর আগে কারখানাটির পরিবেশ ও অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শিশু খাদ্যের মান ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযানের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির উৎপাদন পরিবেশ, খাদ্যপণ্যের মান, লাইসেন্স ও অনুমোদনসহ সার্বিক বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারিতে রাখা জরুরি।