
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষকদলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক গাজী মো. জাহাঙ্গীর হোসেন তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আকন, সহ-সভাপতি মো. সাইফুল মোল্লা, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. খলিলুর রহমান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. মোশারেফ হোসেন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ ঐক্য অটুট রাখা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা দ্রুত বাউফল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ, দল ও দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।