
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে অচেতন করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি শিশুদের চকলেটের প্রলোভন দেখান এবং এক শিশুকে চকলেট খাওয়ানোর পর তাকে অচেতন করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওই ব্যক্তিকে আটক করেন।
স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তি একেক সময় একেক জায়গার পরিচয় দিচ্ছেন। কখনো তিনি নিজের বাড়ি মানিকগঞ্জে বলে দাবি করছেন, আবার কখনো নগরকান্দার গোয়ালদী এলাকার কথা বলছেন।
ঘটনার সত্যতা ও আটক ব্যক্তির প্রকৃত পরিচয় যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন। নগরকান্দার কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে তার পরিচয় ও সঠিক ঠিকানা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।