
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে চোখের সামনে মুহূর্তেই নদী গর্ভে নিলিন হয়ে গেছে পারিবারিক কবরস্থান, পাকা সড়ক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা জিওব্যাগ। ঘরবাড়ি ছেড়ে মালামাল সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ২০টি কবর নদীগর্ভে বিলীন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরহাট লঞ্চঘাটের পশ্চিম-উত্তর পাশে হঠাৎ করেই নদীর তীব্র স্রোতে ভাঙন শুরু হয়। প্রথমে নদীর তীর ধসে পড়ে। এরপর পারিবারিক কবরস্থান, পাকা সড়কের বিভিন্ন অংশ এবং সড়ক রক্ষায় ফেলা জিওব্যাগ তেঁতুলিয়ার স্রোতে বিলিন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিন বলেন, ‘চোখের সামনে একটি পারিবারিক কবরস্থানসহ অন্তত ২০টি কবর নদী গর্ভে চলে গেছে। আমরা ঘরবাড়ি থেকে মালামাল সরিয়ে নিয়েছি।বতিনি আরও বলেন, ‘এভাবে ভাঙন চলতে থাকলে পুরো হাজিরহাট এলাকা হুমকির মুখে পড়বে।’
ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা এবং দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম। তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলে প্রয়োজনীয় সরঞ্জাম আনার ব্যবস্থা করা হচ্ছে। নদীর গতিপ্রকৃতি অত্যন্ত ভয়াবহ। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দ্রুত সাইক্লোন শেল্টার ও ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাজিরহাট বাজার, মসজিদ, সড়ক ও বসতবাড়ি রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী নদীশাসন ও টেকসই ব্লক বাঁধ নির্মাণ না করা হলে একদিন হয়তো দশমিনার মানচিত্র থেকে হাজিরহাট এলাকাটি হারিয়ে যাবে।