
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা এখন তীব্র বিতর্ক ও অসন্তোষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিটি করপোরেশন ও জেলার ১৩টি উপজেলায় মোট ১৫৮ জন ডিলার পদ পেতে ১ হাজার ২৬৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। তবে যাচাই-বাছাইয়ের পর আট শতাধিক আবেদনকারীকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাদ দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় একজন করে সার ডিলার নিয়োগের এই প্রক্রিয়ায় অংশ নিতে প্রার্থীরা দুই হাজার টাকার অফেরতযোগ্য আবেদন ফি এবং ১০ হাজার টাকার জামানত প্রদান করেন। তবে অভিযোগ রয়েছে, প্রকৃত ব্যবসায়ীদের সংখ্যা পাঁচ শতাংশেরও নিচে নেমে এসেছে এবং ডিলারশিপ নিশ্চিত করতে মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পেছনে দৌড়ঝাঁপ করছেন প্রার্থীরা।
জেলা কৃষি বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, বগুড়া সিটি করপোরেশনে ১ পদের বিপরীতে ১৬টি, বগুড়া সদরে ১১ পদের জন্য ৭৪টি, শাজাহানপুরে ৯টির জন্য ১১৪টি, শেরপুরে ১১টির জন্য ১১৮টি, ধুনটে ১৩টির জন্য ১৬৪টি, গাবতলীতে ১৯টির জন্য ১৬২টি, সারিয়াকান্দিতে ২১টির জন্য ১৬৩টি, সোনাতলায় ৮টির জন্য ৮১টি, শিবগঞ্জে ১৬টির জন্য ৪৯টি, মোকামতলা এলাকায় ১৮টির জন্য ৩৭টি, কাহালুতে ১০টির জন্য ১০০টি, দুপচাঁচিয়ায় ৮টির জন্য ৭২টি, আদমদীঘিতে ৭টির জন্য ৬২টি এবং নন্দিগ্রামে ৬ পদের বিপরীতে ৫৪টি আবেদন জমা পড়েছিল। প্রতিটি উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিটি পদের বিপরীতে তিনজনের সংক্ষিপ্ত তালিকা জেলা কমিটিতে পাঠায়।
এই ডিলার নিয়োগের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১২ সদস্যের একটি জেলা কমিটি গঠিত হয়। কমিটিতে রয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, যুগ্ম পরিচালক (সার), উপপরিচালক (বীজ বিপণন), বিসিআইসি বাফার গুদামের ইনচার্জ, বগুড়া সদর বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি এবং কৃষক দল নেতা এনামুল হক সুমন। কমিটির সদস্য এনামুল হক সুমন জানান, উপজেলা থেকে প্রেরিত সংক্ষিপ্ত তালিকা যাচাই-বাছাই সম্পন্ন করে গত ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ধুনট উপজেলার এক আবেদনকারী হতাশা ব্যক্ত করে বলেন, দীর্ঘ দেনদরবার ও রাজনৈতিক কর্মীদের দ্বারে দ্বারে ঘুরেও কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। একইভাবে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মোশারফ হোসেন, আব্দুস ছালাম, শাহবন্দেগী ইউনিয়নের আব্দুল হাই সিদ্দিকী হেলাল এবং সুঘাট ইউনিয়নের রনি খন্দকার জানান, তারা আবেদন করলেও চূড়ান্ত তালিকা পাঠানোর বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। বিএনপি নেতা টিকন অভিযোগ করেন, সংসদ সদস্যের সুপারিশ ছাড়া কোনো ফাইলেই কাজ হচ্ছে না। সাতটি পদের প্রতিটিতেই ‘এমপি কোটা’ কার্যকর করা হয়েছে, যা দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করেছে। সারিয়াকান্দি উপজেলার বিএনপি নেতা নূর আজম বাবু বলেন, পুরো প্রক্রিয়ায় সংসদ সদস্যের একক সিদ্ধান্তই শেষ কথা হিসেবে গণ্য হয়েছে।
সার্বিক অভিযোগের বিষয়ে জেলা কমিটির সদস্য সচিব ও উপপরিচালক সোহেল শামসুদ্দিন ফিরোজ জানান, প্রতিদিন বিভিন্ন নেতার তদবির ও নানা আপত্তির কারণে পুরো প্রক্রিয়াটি গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং গত বৃহস্পতিবার তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট সংসদ সদস্যরা পুরো বিষয়টি তদারকি করেছেন। এছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি ও বগুড়া সদর বিএনপি সভাপতি মাফথুন আহমেদ খান রুবেল জানান, গত বৃহস্পতিবার জেলা কার্যালয়ে আদমদীঘি উপজেলা থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে জেলা প্রশাসক কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যে প্রায় প্রতিটি উপজেলাতেই যাচাই-বাছাই পর্বে অনিয়ম ঘটেছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিষয়টি নিয়ে সদস্য সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।