
মুফতি মাওলানা শামীম আহমেদ
মহান আল্লাহ তায়ালা মানবজাতির প্রতি অগণিত নেয়ামত দান করেছেন। সেই নেয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি শুধু মানবজাতির জন্য নয়, সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন— “আর আমি আপনাকে বিশ্বজগতের প্রতি রহমতস্বরূপই প্রেরণ করেছি।” (সূরা আল-আম্বিয়া, ২১:১০৭)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, “নবী মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ।” (সূরা আল-আহযাব, ৩৩:৬)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাঁর প্রতি ভালোবাসার গুরুত্ব স্পষ্ট করে বলেছেন। হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান-সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই।” (সহিহ বুখারি)
নবীপ্রেম যে শুধু মানুষের হৃদয়ে সীমাবদ্ধ ছিল—তা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অসংখ্য বিস্ময়কর নিদর্শন হাদিসে বর্ণিত হয়েছে। পাহাড়ও যেন তাঁর ভালোবাসায় উদ্বেলিত ছিল।
হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় সম্পর্কে বলেছেন, “এটি এমন একটি পাহাড়, যে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।” (সহিহ মুসলিম)
এ যেন ভালোবাসার এক অপূর্ব ঘোষণা—একদিকে আল্লাহর রাসূল ﷺ, অন্যদিকে একটি পাহাড়। অথচ সেই পাহাড়ও তাঁর প্রতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে। এতে বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভালোবাসা সৃষ্টিজগতের কত গভীরে প্রভাব বিস্তার করেছিল।
শুধু পাহাড় নয়, গাছপালাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। হযরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার কোনো এক প্রান্তে বের হয়েছিলাম। তিনি যখন কোনো গাছ বা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন সেগুলো থেকে তাঁর প্রতি সালামের নিদর্শন প্রকাশ পেত। (জামে তিরমিজি)
আরও বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে ইয়ালা ইবনে মুররা (রা.)-এর সূত্রে। তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার সময় একটি গাছ মাটি ভেদ করে বের হয়ে তাঁকে ঘিরে নেয়। পরে রাসূলুল্লাহ ﷺ জেগে উঠলে সাহাবিরা ঘটনাটি তাঁকে জানান। তিনি বলেন, গাছটি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল তাঁকে সালাম দেওয়ার জন্য এবং আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন। (মুসনাদে আহমদ)
তবে নবীপ্রেমের সবচেয়ে হৃদয়স্পর্শী ঘটনাগুলোর একটি হলো উস্তুনে হান্নানা—সেই খেজুরগাছের কাণ্ডের ঘটনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় একটি খেজুরগাছের কাণ্ডের সঙ্গে হেলান দিয়ে দাঁড়াতেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাঁর জন্য একটি মিম্বর তৈরি করে দিলে তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করেন। তখন সেই খেজুরের কাণ্ড থেকে কান্নার শব্দ শোনা গেল।
হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, সাহাবিরা সেই খুঁটি থেকে এমন কান্নার শব্দ শুনতে পেলেন, যেন গর্ভবতী উটনী কান্না করছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে খুঁটিটির কাছে গেলেন এবং নিজের পবিত্র হাত দিয়ে সেটিকে স্পর্শ করলেন। তখন তার কান্না থেমে গেল। (সহিহ বুখারি)
একটি জড় বস্তু—যার কোনো জবান নেই, কোনো মানুষের মতো অনুভূতি প্রকাশের ক্ষমতা নেই—সেটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ সহ্য করতে পারেনি। নবীজির সান্নিধ্য হারিয়ে সেটি কেঁদেছিল। আর প্রিয় নবীজি ﷺ স্নেহের হাত বুলিয়ে তার কান্না থামিয়েছিলেন।
এ ঘটনাগুলো আমাদের সামনে নবীপ্রেমের এক অনন্য জগত উন্মোচন করে। মানুষ, জিন, পশুপাখি, গাছপালা, পাহাড়—সৃষ্টিজগতের বিভিন্ন সৃষ্টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন প্রকাশ করেছে। এগুলো নবুয়তের মুজিজা ও তাঁর বিশেষ মর্যাদার নিদর্শন হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে।
তাই একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়; বরং তাঁর প্রতি ভালোবাসা ঈমানের দাবি। সত্যিকারের নবীপ্রেম হলো তাঁর সুন্নাহকে ভালোবাসা, তাঁর আদর্শ অনুসরণ করা, তাঁর চরিত্র ধারণ করা এবং তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করা।
আমরা যেন শুধু মুখে নবীপ্রেমের দাবি না করি; বরং আমাদের কথা, কাজ, আচার-আচরণ ও জীবনযাপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন ঘটাই। যে হৃদয়ে সত্যিকার নবীপ্রেম জন্ম নেয়, সে হৃদয় অন্যায়-অশ্লীলতা ও অহংকার থেকে দূরে সরে গিয়ে রহমত, ভালোবাসা, মানবিকতা ও উত্তম চরিত্রে আলোকিত হয়।
আল্লাহ তায়ালা আমাদের অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পরিপূর্ণ করুন এবং তাঁর সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।