
মনির হোসেন, মোংলা বন্দর প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের গোলখালী এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় ২২ অক্টোবর সকাল ৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করা হয়। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।