
মুফতি মাওলানা শামীম আহমেদ
মানুষের জীবনে পিতা-মাতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অমূল্য নেয়ামত। সন্তানের জন্ম থেকে শুরু করে তার বেড়ে ওঠা, শিক্ষা-দীক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পিতা-মাতার অবদান অপরিসীম। নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে তাঁরা সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। তাই পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করা, তাঁদের সম্মান করা এবং তাঁদের সেবা-যত্ন নেওয়া প্রতিটি সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
ইসলাম ধর্মে মহান আল্লাহ তাআলার ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদাচরণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন—
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
অর্থ: “তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।” (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)
এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়, পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তাঁদের সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নরম রাখা, তাঁদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাঁদের মনে কষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকা প্রত্যেক সন্তানের কর্তব্য।