
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ১৫০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ডাংগী ইউনিয়নের ডাংগী নগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক আব্দুর রহমানের বাড়ি উপজেলার হাট পোড়াদিয়া কফাই বালিয়া গ্রামে। তাঁর বাবার নাম নুর ইসলাম মিয়া।
পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান ইয়াবাগুলো পুখুরিয়া এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদের নেতৃত্বে এসআই রবিউল অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।