
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরার দুটি উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা ঝটিকা মিছিল ও মশাল মিছিলের দাবি করেছে বাংলাদেশ যুবলীগ।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি বর্তমানে মাঠে এমন কোনো কর্মসূচি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও নতুন করে প্রকাশ করে এসব কর্মসূচির খবর ছড়ানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া ও কালিগঞ্জ উপজেলা যুবলীগের ব্যানারে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়।
কলারোয়া উপজেলা যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝটিকা মিছিল করা হয়েছে। পোস্টে নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়।
অন্যদিকে এস কে নাজমুল আহসান নামের একটি ফেসবুক আইডি থেকে কালিগঞ্জ উপজেলা যুবলীগের ব্যানারে আয়োজিত মশাল মিছিল ও শোভাযাত্রার ছবি-ভিডিও প্রকাশ করা হয়। সেখানে নেতাকর্মীদের হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব তথ্যের সঙ্গে রাজনৈতিক মাঠের বাস্তব পরিস্থিতির অমিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই আমরা অনুসন্ধানে নেমেছি। মূলত এটি আগের কোনো কর্মসূচির পুরোনো ছবি ও ভিডিও যা নতুন করে আজ ফেসবুকে আপলোড করা হয়েছে। বাস্তবে আজ রাস্তায় বা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে ও সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের জনদুর্ভোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুরূপ বক্তব্য দেন কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান। তিনি বলেন আমি নিজে ফোর্স নিয়ে মাঠে ও রাস্তায় উপস্থিত থেকে সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছি। তবে সরেজমিনে এমন কোনো মিছিল বা শোভাযাত্রার দৃশ্য বা আলামত দেখা যায়নি। ধারণা করা হচ্ছে আগের তৈরি কোনো ভিডিও বা ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে পোস্ট করে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আমরা প্রতিটি স্থানে পুলিশি নজরদারি বাড়িয়েছি।
এদিকে যুবলীগের এসব পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলা ও উপজেলা পুলিশের পক্ষ থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।