
ফকির আল মামুন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে নিখোঁজের সাড়ে চার মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি আট বছর বয়সী শিশু সামিউলের। তাকে খুঁজে পেতে এবার বসতঘরের পাকা মেঝে কেটে রাতভর খনন চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়েও পাওয়া যায়নি শিশুটির মরদেহ বা কোনো দেহাবশেষ। এতে শিশুটির নিখোঁজ হওয়ার রহস্য আরও ঘনীভূত হয়েছে।
নিখোঁজ সামিউল সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের প্রবাসী মিরাজুল মল্লিকের একমাত্র সন্তান। গত ১৫ জুন বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর থেকে দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) ফরিদপুর সদর ও সদরপুরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করে পিবিআই। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নয়াকান্দি গ্রামের সেকেন মোল্যার দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমের বাড়িতে তল্লাশি শুরু হয়।
বাড়ির একটি তালাবদ্ধ কক্ষের পাকা মেঝে কেটে ফায়ার সার্ভিসের সহযোগিতায় খননকাজ চালানো হয়। রাতভর তল্লাশি শেষে রাত ৩টার দিকে প্রায় ছয় ফুট গভীর গর্ত খনন করা হলেও সেখানে সামিউলের লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ এবং সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল।
পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ শিশু সামিউলের সন্ধানে তদন্ত ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাড়ে চার মাসের বেশি সময় ধরে সন্তানের অপেক্ষায় রয়েছেন সামিউলের স্বজনেরা। শিশুটির নিখোঁজ হওয়ার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তার সন্ধান পেতে তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।