
‘প্রতিভা’ স্কুলকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি কায়কোবাদের
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনেকের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। এমন শিশুদের পাশে দাঁড়াতে কুমিল্লার মুরাদনগরে ‘প্রতিভা’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বিদ্যালয়টিকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে বিদ্যালয়টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ‘এই স্কুলটিকে এক নম্বর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হবে।’
মন্ত্রী জানান, বিদ্যালয়টির অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। তাঁদের পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয় না। এসব অস্বচ্ছল শিক্ষার্থীর চিকিৎসায় তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। এ অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবে এবং বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে তা ব্যবহারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মুরাদনগরসহ দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের কথা তুলে ধরা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে বিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিক সমাজের সহযোগিতাও কামনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক শারমিন ফাতেমা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
২০২৪ সালে প্রতিষ্ঠিত ‘প্রতিভা’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়টি মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুল ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটিতে থেরাপি ও খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল করে তোলাই বিদ্যালয়টির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় শিক্ষা ও চিকিৎসাসেবার পাশাপাশি পরিবার, প্রশাসন এবং সমাজের সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, ধর্মমন্ত্রীর অনুদান ও উন্নয়নের প্রতিশ্রুতি বিদ্যালয়টির কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও কার্যকর শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।