
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের আড়াই বছরের শিশু সিফাত জমাদ্দার ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
সিফাত ওই গ্রামের খোকন জমাদ্দারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শিশুটি মেরুদণ্ডের বোন টিউমার থেকে টিস্যু ক্যানসারে আক্রান্ত হয়েছে। প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কিছুদিন চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু আর্থিক সংকটের কারণে পরবর্তী চিকিৎসা করানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। দীর্ঘদিন ধরে অসুস্থ শিশুটির চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
শিশু সিফাতের মা ঝরনা বেগম সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সবার সামান্য সহযোগিতায় হয়তো তার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
একটি আড়াই বছরের শিশুর জীবন বাঁচাতে সমাজের সামর্থ্যবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর প্রতি সিফাতের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।