
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের দুই ভাইকে ঘিরে বৈষম্যবিরোধী মামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। একই মামলায় আসামি হওয়ার পরও দুই ভাইয়ের ক্ষেত্রে ভিন্ন আইনি পরিণতি সামনে আসায় স্থানীয়ভাবে রাজনৈতিক অবস্থান ও প্রভাবের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের কাসেম মোল্লা ও তাঁর ছোট ভাই জাহের মোল্লা। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী মামলায় দুই ভাইয়ের নাম আসামির তালিকায় নাম থাকলেও ছোট ভাই জাহের মোল্লা নির্বিঘ্নে ঘুরে বেড়ালে ও বড় ভাই কাসেম মোল্লাকে কারাগারে যেতে হয়েছে।
একই পরিবারের দুই সদস্য, একই মামলার আসামি অথচ পরিণতি সম্পূর্ণ ভিন্ন! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুই ভাইয়ের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার এই ভিন্নতার পেছনে কী কারণ রয়েছে? রাজনৈতিক অবস্থান, ব্যক্তিগত সম্পর্ক নাকি মামলার পৃথক আইনি বিবেচনা কোন বিষয়টি এখানে ভূমিকা রেখেছে?
আইন সবার জন্য সমান এটাই রাষ্ট্রের মৌলিক নীতি। কিন্তু একই মামলায় দুই ভাইয়ের ভিন্ন পরিণতি জনমনে প্রশ্ন তৈরি করলে সংশ্লিষ্ট বিষয়গুলো পরিষ্কার করা জরুরি। রাজনৈতিক পরিচয় বা অবস্থান যেন কোনোভাবেই আইনের প্রয়োগে প্রভাব বিস্তারের কারণ না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
তবে এ ঘটনায় কারও রাজনৈতিক পরিচয়ের কারণে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্টদের বক্তব্য, আদালতের আদেশ এবং মামলার নথিপত্র যাচাই করা প্রয়োজন।
একই মামলায় দুই ভাইয়ের ভিন্ন পরিণতি এর প্রকৃত কারণ কী? সোনারগাঁবাসী জানতে চায়।