
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি— ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন—এ দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাউফল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সী।
এছাড়া উপস্থিত ছিলেন- বেসরকারি কলেজ শিক্ষা সমিতির বাউফল শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান জমিয়াতুল মোদারেছিন বাউফল শাখার সভাপতি মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে খায়ের আহমেদ মজুমদার বলেন,
“সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ৯ম পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি। যৌক্তিক দাবিতে কোনো টালবাহানা গ্রহণযোগ্য নয়। সরকার উদ্যোগ নিলেই কোথাও অদৃশ্য শক্তির বাধা—এটি বন্ধ করতে হবে।”
বিশেষ অতিথি আব্দুল মালেক বলেন, “আমরা টিফিন ভাতা নয়, চাই লাঞ্চ ভাতা। দেশে ২২ লাখ সরকারি কর্মচারীর সম্মানজনক জীবনযাপনের জন্য বেতন–ভাতার কাঠামো পুনর্বিন্যাস অত্যন্ত জরুরি। আন্দোলনের কারণে আমাকে একসময় সাময়িক বহিষ্কার করা হয়েছিল; আপনাদের ঐক্য ও সংগ্রামের কারণেই আমি আজ পুনর্বহাল।”
বক্তারা আরও বলেন, ন্যূনতম বেতন পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা বিস্তৃতি, পদোন্নতির কাঠামো আধুনিকায়নসহ বহু দাবি দীর্ঘদিনের। তাই ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন বিলম্বসাপেক্ষ নয়, বরং একান্ত প্রয়োজনীয়। কেন্দ্রীয় নেতারা জানান, এসব দাবি নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে।
সভায় বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা, প্রস্তাবনা ও ভবিষ্যৎ কর্মসূচি উপস্থাপন করেন। পরে এসব প্রস্তাব লিপিবদ্ধ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে দাবি বাস্তবায়নের আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।