
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের স্মরণে তার বাসভবনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও সাদকা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জানের সাদকা হিসেবে একটি গরু জবাই করে মাংস স্থানীয় এতিমখানা, হাফেজী মাদ্রাসা এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
আয়োজনটি করেন মরহুম সৈয়দ আহমেদের সন্তান ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। মাংস বিতরণের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
দোয়া শেষে বক্তব্যে লেনিন বলেন, “সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, তেমনি কর্মী হিসেবে আমাদেরও অভিভাবক বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। দেশের এই সংকটময় সময়ে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াই ১৮ কোটি মানুষের আশা-ভরসা। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে।”
তিনি আরও বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি সর্বদা প্রস্তুত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।