
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার নবাগত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এর সাথে রাজনৈতিক, সুশীল সমাজ, সাংবাদিক সংগঠন, শিক্ষক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ডিসেম্বর দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
এসময় বক্তব্য রাখেন আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির। তিনি এলাকার উন্নয়ন, প্রশাসনের সঙ্গে জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপজেলা সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক নেতা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, উন্নয়ন ও জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আমতলী উপজেলাকে আরও গতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সকলের সহযোগিতায় একযোগে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই জন ভিক্ষুককে জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০হাজার টাকার মুদি মনোহারি মালামাল কিনে দেয়া হয়।এছাড়া পল্লী সমাজসেবা কর্যক্রমের আওতায় মোট ০৯ জনকে ৪০হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে।
এর আগে বরগুনা জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার আমতলী উপজেলায় ঐতিহ্যবাহী ০১ নং গুলিশাখালি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও গোজখালি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।