
ক্রাইম রিপোর্টার : মো: রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের পালশা গ্রামে অবৈধভাবে পুকুর খননের কাজে বাধা দিতে গিয়ে ভয়াবহ ভেকু দুর্ঘটনায় জুবায়ের (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা, আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ তারিখ) ধুরইল ইউনিয়নের পালশা গ্রামে অনুমোদনহীনভাবে পুকুর খননের কাজ শুরু করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় মসজিদের মাইকিংয়ের মাধ্যমে পুকুর খননের কাজ বন্ধ করার আহ্বান জানানো হয়।
একপর্যায়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার এক পর্যায়ে জনতার একটি অংশ ভেকু চালকের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। এ সময় ভেকু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভেকু মেশিনের মাটিকাটা অংশের বালতি (বাকেট) সজোরে জুবায়েরের শরীরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুবায়েরের মৃত্যুতে তার পরিবারে নেমে আসে গভীর শোক, আর পুরো এলাকায় সৃষ্টি হয় শোক ও আতঙ্কের পরিবেশ।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার পরদিন উত্তেজিত এলাকাবাসী সংশ্লিষ্ট ভেকু মেশিনটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ভেকু চালককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি। এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চলমান রয়েছে।”
অন্যদিকে, ভিমনগর গ্রামের আনেছুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,
“ডিট বা পুকুর কাটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই ঘটনায় জড়ানো হচ্ছে।”
তদন্তকারী কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।