
বিশেষ প্রতিনিধি:
টেকসই কৃষি উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা”টি মধুখালীতে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুব ইলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএম (চুয়াডাঙ্গা-১ রিজিওন) মো. আক্তারুল ইসলাম, বিডিসি ফরিদপুরের মো. আসাদুজ্জামান এবং মধুখালী এরিয়া অফিসের ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসও সুব্রত কুমার পাল (ফরিদপুর-১), টিএসও মো. নুর আলম (ফরিদপুর), ডিলার মো. সেলিম শেখ এবং সিনিয়র অফিসার (মনিটরিং) মোছা. সানোয়ারা। কর্মশালায় এলাকার বিভিন্ন রিটেইলারসহ প্রায় ৫০ জন প্রকৃত কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় ব্র্যাক সিডের সবজি বীজ, হাইব্রিড ধান, উফশী ধান বীজ, বায়োপেস্টিসাইড ও জৈব সারের সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে কীভাবে অধিক ফলন নিশ্চিত করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো সম্ভব, একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা যায়।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।