
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত একটি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রটির পরিচালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে মরহুম আব্দুর রউফ চেয়ারম্যানের বাড়িতে অবস্থিত এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জুল (৫০) নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ফয়জুল কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের মৃত হোসেন ওরফে হুসুনের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, পালানোর ঘটনাকে কেন্দ্র করে ফয়জুলকে মারধর করা হয়। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ফয়জুল গত ১২ মে ২০২৬ তারিখ থেকে ওই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি ছিলেন। কেন্দ্রটিতে ঘটনার সময় প্রায় ৪০ থেকে ৪৫ জন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর কেন্দ্রটির পরিচালক সবুজ চিকিৎসাধীন ব্যক্তিদের ছেড়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে নিহত ফয়জুলের মরদেহ সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।