
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১৭ জুন ২০২৬) রাত ১টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন বারদী বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বারদী সেনপাড়া এলাকার বাসিন্দা মো. অহিদুল ইসলাম ভুট্টু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস লালচে বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া থানার রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।