
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জায়ান মোল্লা (৭) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় জাবেদ পারভেজ কিন্ডারগার্টেনের ১ম শ্রেণির ছাত্র ছিল। নিহত জায়ান উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। জানা যায়, জাবেদ প্রতিদিন ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু গতকাল বৃহস্পতিবার ১২টার পরেও বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক পর্যায়ে দুপুরের দিকে তাদের বাড়ির পাশের জঙ্গলের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।