
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রাম যেন পরিণত হয়েছে মাদক ব্যবসার স্বর্গরাজ্যে। এলাকায় প্রকাশ্যেই চলছে মাদকের রমরমা কারবার, নেতৃত্বে রয়েছে কুখ্যাত মাদক সম্রাট মোহাম্মদ আলীর ছেলে সেলিম ওরফে ফেন্সি সেলিম।
স্থানীয়দের অভিযোগ, সেলিমের মাধ্যমে সারা সোনারগাঁ অঞ্চলে মাদক সরবরাহ হচ্ছে খুব সহজে ও নির্বিঘ্নে। গ্রামবাসীরা জানায়, ফেন্সি সেলিমের বিরুদ্ধে অর্ধশতাধিক মাদক মামলা থাকলেও সে এখনও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
প্রতিবাদে মুখ খুললেই ভয় পেতে হয় হামলা ও প্রতিশোধের। স্থানীয়দের আশঙ্কা, এ মাদক কারবারির পেছনে রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়। ফলে গ্রামবাসী আতঙ্কে মুখ খুলতে পারছে না।
এলাকাবাসী জানান, রাতের আঁধারে বড় বড় চালান আসে ফেনসিডিল ও অন্যান্য মাদক। মূল হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়ি মজলিস, বাড়ি চিনিশ ও বন্দেরা গ্রামের বিভিন্ন এলাকা। নিয়মিত এমন চালান আসলেও সোনারগাঁ থানা পুলিশের নিষ্ক্রিয়তা ও রহস্যজনক নীরবতা প্রশ্ন তুলেছে স্থানীয়দের মনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, “আমরা জানি কে কে এই ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু প্রতিবাদ করলে আমাদের জীবন যাবে। পুলিশের চোখের সামনেই সব চলে, তবুও কোনো ব্যবস্থা নেয় না কেউ।”
স্থানীয় সমাজকর্মীরা বলছেন, পুলিশের কার্যকর পদক্ষেপ না নিলে সোনারগাঁয়ের তরুণ সমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মাদকের ছোবলে।
জনগণের দাবি — ফেন্সি সেলিমসহ সব চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে এ মাদক নেটওয়ার্ক আরও ভয়াবহ আকার ধারণ করবে।