
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোয়ালকান্দি এলাকায় মাটি ও বালু কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কামরুল শেখ (৩১) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোয়ালকান্দি মাদ্রাসার পাশের সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা কামরুল শেখের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে মাটি ও বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তিনি বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন আগে থেকে ওঁৎ পেতে থেকে তার ওপর হামলা চালায়।অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম হাতের কব্জিতেও আঘাত লেগে হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া হামলার সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
কামরুল শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।