
গাজী কুদ্দুছ রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৮নং ওয়ার্ডের মডেল একাডেমী এলাকায় আগুনে পুড়ে যাওয়া সিএনজি ড্রাইভার শরীফুল ইসলামের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি নির্দেশক্রমে ভুক্তভোগী শরিফুল ইসলামের বাড়িতে যান এবং সেখানে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বাড়ির মালিক সিএনজি চালক মোঃ শরীফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন তিনি।এতে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, আমার ঘরটি পুড়ে যাওয়ার পর আমরা দিশাহারা হয়ে পড়েছিলাম। গতকাল এমপি মহোদয় ফোন করে খোঁজ খবর নিয়েছেন। আজ সবুজ চেয়ারম্যান সাহেব নিজে এসে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা এমনই একজন নেতাকে খুঁজছিলাম, যিনি দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
স্থানীয় বাসিন্দারা বলেন গত ২৭ এপ্রিল শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই শরীফের ঘরটি পুড়ে যায়। আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে অসহায় অবস্থায় পড়েন তিনি। সবুজ চেয়ারম্যান ঘটনা শুনে ছুটে আসেন শরীফের বাড়িতে। তার এ মানবিক উদ্যোগে খুশি হয়েছেন শরীফের পরিবার সহ এলাকাবাসী।এসময় বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।