
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বিআরটিএ কার্যালয়ে এক ব্যক্তির বিরুদ্ধে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর বিআরটিএতে কর্মরত মোটরযান পরিদর্শক মেহেদী হাসান অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে জনি বিশ্বাস (২৫) নামের এক ব্যক্তি তার অফিস কক্ষে প্রবেশ করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি মেহেদী হাসানের কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ করে ফরিদপুরে চাকরি করা কঠিন করে তুলবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্ট্যাপলার মেশিন দিয়ে টেবিলে আঘাত করে কাঁচ ভেঙে ফেলেন।এসময় অফিসের সহকারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা এগিয়ে এসে তাকে আটক করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।মেহেদী হাসান আরও অভিযোগ করেন, একটি দালালচক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে আসছে। এসব ফেসবুক আইডি—সাদ্দাম হোসেন সোহান, খায়রুল ইসলাম, এমডি ফারুক ইসলাম, স্বপ্না আফরিন, তারিকুল ইসলাম হিমেল বাবু খান, উল্লাস মুর্তজা, বিডি রবি, মেহেরুন মিসা স্বপ্না, মোরশাদুল ইসলাম আসিফ, সাজ্জাদ হোসেন ও জয় বাংলা—থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, এর আগে তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি বিআরটিএ সদর কার্যালয়।এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।